৪০ হাজার ইয়াবা সহ বিএনপি নেতার স্ত্রী গ্রেপ্তার

Untitled design (35)

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কক্সবাজারের রামু থেকে এক বিএনপি নেতার স্ত্রী ও তার এক রোহিঙ্গা জাতীয় সহযোগীকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে রামুর কাচ্ছপিয়া ইউনিয়নের হাজিরপাড়ায় নজরুল ইসলামের বাড়ি থেকে গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রামু উপজেলার কাচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলামের স্ত্রী সালেহা বেগম (৪৫)। অপরজন হলেন মোহাম্মদ হাশিম ওরফে ওসমান (৩৫)। তিনি উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রামুর কাচ্ছপিয়া ইউনিয়নের হাজিরপাড়ায় নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় বাড়িটি থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং সালেহা ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে আরও ৩ থেকে ৪ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া দুজন এবং পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Description of image