মধ্যরাতে ৪ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রঝড়ের আশঙ্কা

Untitled design (15)

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চারটি অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। আজ বুধবার (২০ মে) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক বা দুই জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে।
এর পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Description of image