পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

Untitled design (17)

দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে এক ভাইবোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খায়েরবাড়ী বাজার এলাকায়। শিশু দুটি হলো শাহিন আলমের মেয়ে সাবিহা (৪) ও ছেলে সিয়াম (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির কাছে বালু উত্তোলনের ফলে তৈরি হওয়া পুকুরের মতো একটি গভীর গর্তে খেলতে গিয়ে শিশু দুটি পড়ে যায়। পরে দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। পরে গর্ত থেকে তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. আলিফ নূরে আলম সায়েদী জানান, হাসপাতালে আনার আগেই প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছিল যে শিশু দুটি মারা গেছে। পরে বিষয়টি থানায় জানানো হয়। খায়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন সরকার বলেন, বাড়ির পাশের মাঠ থেকে অবৈধভাবে বালু তোলার কারণে একটি গভীর গর্ত তৈরি হয়েছিল, যার ফলে সেখানে সবসময় পানি জমে থাকে।
স্থানীয়দের ধারণা, সিয়াম প্রথমে গর্তে পড়ে যায় এবং তাকে বাঁচাতে গিয়ে তার বড় বোন সাবিহাও ডুবে মারা যায়। মোবাইল ফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও মন্তব্যের জন্য তাদের পাওয়া যায়নি। ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক শাপলা বেগম বলেন, অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Description of image

সর্বশেষ সংবাদ