রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

Untitled design (13)

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক নারী মারা গেছেন। আজ বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে শহরের গৌরহাঙ্গা রেল গেটে এই ঘটনা ঘটে। মৃত হাসিনা বেগমের স্বামী রজব আলী। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসিনা বেগমের মেয়ে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে থাকেন। নাতনি অসুস্থ থাকায় হাসিনা ১৫ দিন আগে রাজশাহীতে এসেছিলেন। তিনি সকালে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন।
গৌরহাঙ্গা রেল গেট পার হওয়ার সময় অসাবধানতাবশত চাঁপাইনবাবগঞ্জে রোহানপুর থেকে খুলনাগামী ডাউন লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার ট্রেনের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই মরদেহটি উদ্ধার করে আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, এই ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Description of image