লোহাগাড়ায় দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ

Untitled design - 2026-05-19T134722.000

চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক দুটি স্থানে দুই ব্যাটারিচালিত অটোরিকশা চালক গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার বড়াহাটিয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কুমিরঘোনা ও ঘোনার মোড় এলাকায়। গুলিবিদ্ধ দুজন হলেন বড়াহাটিয়া ইউনিয়নের কুমিরঘোনা এলাকার শাহ আলমের ছেলে কাইয়ুম শরীফ (১৯) এবং বড়াহাটিয়া ইউনিয়নের কুমিরঘোনা এলাকার হামিদ হোসেনের ছেলে মো. আকিব (২০)। দুজনেই ব্যাটারিচালিত অটোরিকশা চালক।
আকিবের পরিবারের দাবি, আকিব দীর্ঘদিন ধরে একটি পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর জন্য অটোরিকশায় খাদ্যসামগ্রী বহন করতেন। সম্প্রতি তিনি তাদের পণ্য পরিবহন করতে অস্বীকৃতি জানান। এর ফলে তিনি গুলিবিদ্ধ হন। জানা গেছে, আকিবের হাতে ও পেটে গুলি লেগেছে। অন্যদিকে, কাইয়ুম শরীফ জানান, তিনি চুনাটি বাজার থেকে ঘোনার মোড় এলাকায় একটি ট্যাক্সি নিয়েছিলেন। যাত্রীদের নামিয়ে দিয়ে ফেরার পথে দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার পিঠের বিভিন্ন স্থানে গুলি লাগে। তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চললেও ভয়ে অনেকেই মুখ খুলতে চান না। সম্প্রতি এই দুটি গুলির ঘটনা সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম জানান, গুলিবিদ্ধ দুই যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লোহাগড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ জানান, দুটি ঘটনা নিয়ে তদন্ত চলছে। পুলিশ জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Description of image