দক্ষিণ কোরিয়ায় নাগরিক সংবর্ধনা পেলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

Untitled design (93)

দক্ষিণ কোরিয়া সফরকালে প্রবাসী বাংলাদেশিরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে একটি নাগরিক সংবর্ধনা দিয়েছেন। গতকাল রবিবার (১৭ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় খিম্পু শহরের খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, সাউথ কোরিয়ার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত এনসিপির বিভিন্ন স্তরের নেতা ও কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি ও পেশার প্রবাসী বাংলাদেশিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রবাসী সদস্য এবং প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকতা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় যখন দেশ অবরুদ্ধ ছিল, তখন প্রবাসীরা মুক্তির আশা বাঁচিয়ে রেখেছিলেন। অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জুলাই অভ্যুত্থানের মতোই জুলাই সনদ ও গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে, তিনি আশা প্রকাশ করেন যে, জুলাই অভ্যুত্থান সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্বকে অবহিত করার ক্ষেত্রে প্রবাসীরা সক্রিয় ভূমিকা পালন করবেন।
তিনি আরও আশ্বাস দেন যে, গত জাতীয় সংসদ নির্বাচনের মতোই ভবিষ্যৎ নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার অব্যাহত রাখতে এনসিপি কাজ করে যাবে। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমরা চাই, রাষ্ট্রের ভবিষ্যৎ নীতি নির্ধারণেও তারা ভূমিকা রাখুক। আমি গোয়াংজু গণতন্ত্র ফোরামে এসেছি। এখানে এসে আমি কোরিয়ার অভ্যুত্থান ও গণতান্ত্রিক সংগ্রাম দেখেছি। আমি ভবিষ্যতে বিশ্বের কাছে বাংলাদেশের সংগ্রামকে তুলে ধরতে চাই।
তখন উপস্থিত প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা বিনামূল্যে শিক্ষার্থীদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা, কোরিয়ায় বাংলাদেশিদের অভিবাসন প্রক্রিয়া সহজীকরণ, দালালদের অপকর্ম প্রতিরোধ, বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং দেশের বিভিন্ন বিষয়ে প্রবাসীদের বৃহত্তর অন্তর্ভুক্তির দাবি জানান। অনুষ্ঠানে এনসিপি-র কেন্দ্রীয় সদস্য আয়মান রাহাত, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স সাউথ কোরিয়ার আহ্বায়ক আরিফুর রহমান এবং সদস্য সচিব বাবুল মিয়া উপস্থিত ছিলেন।

Description of image