চট্টগ্রামের জঙ্গল সেলিমপুরে নির্মিত হবে ২টি পুলিশ একাডেমি

Untitled design (77)

সরকার চট্টগ্রামের জঙ্গল সেলিমপুরে ২টি পুলিশ একাডেমি নির্মাণের উদ্যোগ নিয়েছে। একসময় সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই এলাকাটিতে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে একটি কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের ঘোষণাও দিয়েছে।
কিছুদিন আগেও জঙ্গল সেলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রবেশ করতে না পারায় এই এলাকাটিকে দেশের মধ্যে আরেকটি দেশ বলা হতো। গত মার্চে যৌথ বাহিনীর প্রায় ৪,০০০ সদস্যের এক অভিযানে এলাকাটি মুক্ত হওয়ার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। এবার প্রায় ৩,১০০ একর আয়তনের এই এলাকায় ২টি পুলিশ একাডেমি নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন যে, পুলিশ সপ্তাহ চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সেলিমপুরের জন্য একটি বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছেন এবং সেখানে দুটি পুলিশ একাডেমি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, নতুন পুলিশ সুপার রাউজানসহ জেলার বিভিন্ন এলাকার অপরাধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজানে খুন, অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি ও অপহরণের সংখ্যা বেড়েছে। এই অপরাধগুলো নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে একটি বড় অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে। চট্টগ্রামের স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে চাঁদাবাজি ও ডাকাতির বিষয়ে তিনি বলেন, “পশু পথের কোনো স্থানে যাতে কোনো ডাকাতি বা ছিনতাই না হয়, তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব এবং প্রয়োজনে আমাদের পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ আনব।”

Description of image