জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

Untitled design (52)

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন, তার স্ত্রী আফরোজা আব্বাস। তিনি বলেন, জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস। মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে গতকাল শনিবার (১৬ মে) সাংবাদিকদের সর্বশেষ তথ্য জানান আফরোজা আব্বাস।
চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা বর্তমানে আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। চিকিৎসকরা জানান, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বিএনপি নেতাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং তার শারীরিক উন্নতিতে মেডিকেল টিম সন্তোষ প্রকাশ করেছে।
আফরোজা আব্বাস বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে বর্তমানে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার অধীনে রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকের পরামর্শে তিনি প্রতিদিন কিছু সময়ের জন্য হুইলচেয়ারে করে হাসপাতালের ভেতরে ঘোরাঘুরি করছেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব পার্টির মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সম্পাদক হেলাল সিকদার, সোহেল আহমেদ, ইমরান আহমেদ, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম ও ফয়সালসহ মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় মির্জা আব্বাসের পরিবারের সদস্য এবং দলের নেতা ও কর্মীরা তার সম্পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Description of image