উখিয়া সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে পা হারালেন রোহিঙ্গা কিশোর
কক্সবাজারের উখিয়া সীমান্তে নফ নদীর জিরো লাইনে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর পা হারিয়েছেন। ঘটনাটি আজ রবিবার (২৯ মার্চ) বিকেলে পালাংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে ঘটে।
উখিয়ায় বিজিবির ৬৪তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, কিশোর আব্দুল হাকিম নফ নদী থেকে মাছ ধরার সময় বিস্ফোরণটি ঘটে এবং এতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার একই ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে মোহাম্মদ শহিদুল ইসলাম নামে আরেক রোহিঙ্গা পা হারান।

