অবৈধভাবে তেল মজুত: গাইবান্ধায় ১৫০ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

Untitled_design_22_1200x630

অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে খোলা বাজারে চড়া দামে বিক্রি করার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। গতকাল শনিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার কামদিয়া বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। দুই অসাধু ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ১৫০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃত্রিম জ্বালানি সংকট প্রতিরোধ ও বাজার নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে তেল মজুত করার দায়ে মুদি দোকানদার আলম মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার দোকান থেকে ১৫০ লিটার ডিজেল জব্দ করা হয়।
এছাড়াও, ‘মেসার্স’ নামের একটি মিনি ফিলিং স্টেশনের মালিক বাদশা মিয়াকে জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে ও অসৎভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে আশা এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন, পেট্রোলিয়াম আইন লঙ্ঘন করে অবৈধভাবে তেল মজুত ও বিক্রির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর এই দণ্ডাদেশ দেওয়া হয়। জব্দকৃত তেল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Description of image