কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

Untitled_design_-_2026-03-16T103810.023_1200x630

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রকিবুল ইসলাম (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে। শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল রাকিব। সেই সময় তিন-চারজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহত রাকিবের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহত রাকিবুল ইসলাম তার পরিবারের সাথে নিমতলীর নাজিম উদ্দিন রোড এলাকায় থাকতেন। তার বাবার নাম তারিকুল ইসলাম খোকন। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত ফ্রেন্ডশিপ হলের একজন কর্মচারী। রাকিব বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
গুলিবর্ষণের ঘটনার পর স্থানীয় লোকজন একজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে। তবে তার নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Description of image