রাজশাহীতে কোচিং সেন্টারে অস্ত্র ও বোমা উদ্ধার, মামলা হয়েছে
রাজশাহীর কাদিরগঞ্জে ‘ডক্টর’স ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় কোচিং সেন্টারের মালিক মুনতাসেরুল আলম অনিন্দ্য এবং তার দুই সহকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) রাতে বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনকে আজ আদালতে হাজির করা হবে। তাদের প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। প্রসঙ্গত, শনিবার কোচিং সেন্টারে অভিযান চালিয়ে যৌথ বাহিনী অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, হলি আর্টিজান হামলা এবং অধ্যাপক রেজাউল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি শরিফুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অনিন্দ্যকে এর আগেও বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। অনিন্দ্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রাক্তন মেয়র খায়রুজ্জামান লিটন তার চাচাতো ভাই। তার বাবা মহানগর বিএনপির প্রাক্তন সহ-সভাপতি।

