পূর্বধলায় এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলা, তিনজন আহত

Untitled design (7)

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া তিন শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ৮টার দিকে কাজলা-বৈরাটি সড়কে এ হামলার ঘটনা ঘটে।

Description of image

আহত তিন শিক্ষার্থী হলেন মোঃ শাহিন (পিতাঃ সাইফুল মিয়া) মোঃ সাজু (পিতাঃ রিয়াজ উদ্দিন) মোঃ হৃদয় মিয়া (পিতাঃ কাজল মিয়া) সবাই বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে অটোরিকশাযোগে শ্যামগঞ্জের একটি কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিলেন শিক্ষার্থীরা। পথে কাজলা-বৈরাটি সড়কে ধান কেটে সড়ক অবরোধ করা হয়। চলাচলের সুবিধার্থে রাস্তা খুলে দেওয়ার অনুরোধ জানান অটোরিকশা চালক মোফাজ্জল। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় সোবহানের ছেলে ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র, কাঁচি নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। তিনজনকেই গুরুতর অবস্থায় পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউএনও আরও বলেন, পরীক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ইতিমধ্যে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করা হয়েছে বলে তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।