আইন উপদেষ্টার বাসভবনে ড্রোন , পাঠানো হলো ফরেনসিক ল্যাবে

Untitled design (1)

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ‘ড্রোন’ পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক দল ড্রোনটি উদ্ধার করে পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে।

Description of image

গতকাল শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে আইন উপদেষ্টার সরকারি বাসভবনের মূল ভবনের ১৫০ গজ পশ্চিমে বাগানের একটি আমগাছের পাশে ঘাসের ওপর ড্রোনটি পড়ে থাকতে দেখা যায়।

জানা গেছে, বাগান ঝাড়ু দিতে গিয়ে ড্রোনটি দেখেন মালি সালমা হক। তিনি আইন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা দেলোয়ার হোসেনকে বিষয়টি ব্যাখ্যা করেন। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ডিজিটাল ফরেনসিক টিম, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, সিটিটিসি ও ডিএমপির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

সূত্রটি আরও জানায়, ড্রোনটি পর্যবেক্ষণ করে দেখা গেছে এতে ‘মেড ইন চায়না’ লেখা রয়েছে। এর টেকঅফ ওজন ছিল ২৪৯ গ্রাম। ফুটেজ সংগ্রহের জন্য ড্রোনটিতে কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি এবং নিরাপত্তার কারণে ড্রোনের ব্যাটারি খোলা ছিল। এদিকে বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, আগের দিন শুক্রবার বিকেল ৫টা ২৯ মিনিটে ড্রোনটি অবতরণ করেছে। অন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজে ড্রোনটি দেখা যায়নি। বর্তমানে ড্রোনটি সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ফরেনসিক টিম ল্যাবে রয়েছে।

এই ড্রোন কোথা থেকে এসেছে এবং কারা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর আইন উপদেষ্টার বাসায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী ড্রোনটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি (ড্রোন) এখন পরীক্ষা-নিরীক্ষা করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।