ঠাকুরগাঁওয়ে সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ওয়ারেন্টধারী সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে গিয়ে শহিদুল ইসলাম (৪৫) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক মারা গেছেন। গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযান চালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে পীরগঞ্জ থানার একদল পুলিশ সদস্য ওয়ারেন্টধারী সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে সেনুয়া গ্রামে অভিযান চালায়। সেখানে একজন সন্দেহভাজনকে আটক করে পুলিশের গাড়িতে তোলার সময় এএসআই শহিদুল ইসলাম হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। তার সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা তাকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার ওসি মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের পর গাড়িতে ওঠার সময় হঠাৎ শহিদুল ইসলাম অসুস্থ বোধ করেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও পুলিশ সূত্র জানিয়েছে।

